
নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার চারটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী এসব বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল থেকে ১ জন, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল থেকে ২ জন, দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল থেকে ৮ জন এবং দুমকি জলিশা গার্লস স্কুল থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
ফলে ওই চারটি বিদ্যালয়ে পাসের হার শূন্য।
জানা যায়, এবার পটুয়াখালী জেলায় গড় পাসের হার ৫৫ দশমিক ৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫ দশমিক ১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি। তবে চারটি বিদ্যালয়ের এমন ফলাফল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মানকে প্রশ্নবিদ্ধ করেছে।
শিক্ষা অফিস সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে।
তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘নীতিমালা অনুযায়ী বোর্ড এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় যে নির্দেশ দেবে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।’
নিজস্ব প্রতিবেদক: 

















